"আমি এমন প্রভুর ইবাদত করিনা যাকে দেখা যায় না" — হজরত আলীর উক্তি ও সুফী মতবাদে এর গভীর তাৎপর্য
এই উক্তিটি খলিফাতুল মুসলিমীন, জ্ঞান ও প্রজ্ঞার মূর্ত প্রতীক, হজরত আলী ইবনে আবু তালিব (রাঃ)-এর। তিনি ছিলেন রাসূলুল্লাহ (সা.)-এর চাচাতো ভাই ও জামাতা এবং ইসলামী আধ্যাত্মিকতার অন্যতম প্রধান উৎস। হাদীস, ফিকহ ও আত্মিক সাধনায় তাঁর স্থান অপরিসীম।
তিনি বলেন, "আমি এমন প্রভুর ইবাদত করিনা যাকে আমি দেখি না।"এই উক্তিটি বহু সুফী সাধক, চিন্তাবিদ ও গবেষণাবিদদের দ্বারা বিশেষভাবে উদ্ধৃত হয়েছে।
বাহ্যিক অর্থ বনাম আধ্যাত্মিক অর্থ:
বাহ্যিকভাবে উক্তিটি শুনে অনেকে ভাবতে পারেন, হজরত আলী (রাঃ) বুঝি আল্লাহকে চক্ষু দ্বারা দেখতে পেরেছেন — যা শরীয়তের সাধারণ ব্যাখ্যার সঙ্গে সাংঘর্ষিক। কারণ কোরআনে বলা হয়েছে, "চোখ তাঁকে দেখতে পাবে না, অথচ তিনিই সকল চোখকে দেখতে পান।" (সূরা আন-আম, ৬:১০৩)
তবে সুফীবাদে ‘দেখা’ মানে হৃদয় দিয়ে অনুভব করা, আত্মা দিয়ে উপলব্ধি করা। সুফী সাধকেরা বলেন — এটি বাহ্যিক দৃষ্টির নয়, বরং ‘বসিরত’ অর্থাৎ অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে আল্লাহর অস্তিত্ব ও গুণাবলী উপলব্ধির কথা।
সুফী মতে এর ব্যাখ্যা:
১. মাআরিফাত (আল্লাহ্র বাস্তব পরিচিতি):
সুফীগণ বিশ্বাস করেন, ইবাদতের প্রকৃত উদ্দেশ্য হলো “মাআরিফাতুল্লাহ” — অর্থাৎ আল্লাহকে ‘চিনে’ ইবাদত করা। অজ্ঞতার ভিত্তিতে বা কেবল মুখস্থ করা আমল নয়, বরং জানার, ভালোবাসার ও উপলব্ধির মাধ্যমে ইবাদত করাই সর্বোচ্চ স্তরের ইবাদত। হজরত আলীর উক্তিটি বুঝায় যে, যে ইবাদতে আত্মা আল্লাহর উপস্থিতি অনুভব করে না, তা নিছক আনুষ্ঠানিকতা মাত্র।
২. হৃদয়চক্ষে দর্শন (রুহানী শুহুদ):
সুফীগণ বলেন, ‘দেখা’ মানে হলো হৃদয়ের শুহুদ বা আল্লাহর সামনে নিজেকে উপস্থিত ভাবা। ইমাম গাযযালী বলেন, "যখন তুমি নামাজে দাঁড়াও, এমনভাবে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখছো।"
হাদীসেও এসেছে, "তুমি আল্লাহর ইবাদত করো এমনভাবে, যেন তুমি তাঁকে দেখছো; যদিও তুমি তাঁকে দেখতে পার না, তিনি তো তোমাকে দেখছেন।" (সহীহ মুসলিম)
হজরত আলীর উক্তিটি এই হাদীসের বাস্তব রূপ। যেখানে তিনি এমন এক ইবাদতের স্তরে পৌঁছে গিয়েছেন, যেখানে তাঁর হৃদয়ে আল্লাহর উপস্থিতি স্পষ্ট অনুভবযোগ্য।
৩. ইলমুল ইয়াকীন, আইনুল ইয়াকীন, হাক্কুল ইয়াকীন:
সুফীগণ ‘জ্ঞান’ বা ইয়াকীন-এর তিনটি স্তর বর্ণনা করেন:
ইলমুল ইয়াকীন: কেবল জ্ঞান দ্বারা জানা (তাত্ত্বিক পর্যায়)
আইনুল ইয়াকীন: চোখে দেখে বিশ্বাস (উদাহরণস্বরূপ আগুনকে দেখা)
হাক্কুল ইয়াকীন: আগুনে হাত রেখে তার বাস্তবতাকে উপলব্ধি করা
হজরত আলীর উক্তিটি বোঝায় যে, তিনি হাক্কুল ইয়াকীনের স্তরে পৌঁছে গিয়েছিলেন — যেখানে আল্লাহর অস্তিত্ব তাঁর কাছে অভিজ্ঞতা ও উপলব্ধির বস্তু ছিল।
সুফী সাধকদের দৃষ্টিভঙ্গি:
বহু সুফী সাধক হজরত আলীর এই বক্তব্যকে তাদের আধ্যাত্মিক ধ্যান ও সাধনার কেন্দ্র হিসেবে গ্রহণ করেছেন। উদাহরণস্বরূপ:
ইমাম জুনাইদ বাগদাদী (রহ.): বলেন, “আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার প্রথম শর্ত হলো — তুমি এমনভাবে তাঁর সামনে দাঁড়াও যেন তিনি ছাড়া আর কিছুই নেই।”
বায়েজিদ বোস্তামী (রহ.): বলেন, “আমি আল্লাহর দর্শন পেয়েছি, কিন্তু তা চোখে নয়, বরং আত্মার গভীরতা দিয়ে।”
বিশিষ্ট সুফী সাধক গণের মূল্যবান বাণী :
ফকির লালন শাহ (আঃ) : “যে মুর্শিদ সেই তো রাসূল ইহাতে নাই কোনো ভূল, খোঁদাও সে হয়! এই কথা লালন কয়না আল্লাহর কুরআনে কয়।”
বু আলী কলন্দর (রহঃ) : "পীরের সুরতে নবী মোস্তফাকে দেখলাম, তিনি নবী মোস্তফা নয় সয়ং প্রভু।”
আমীর খসরু (রহঃ) : “পীর পূজাই আল্লাহর পূজা।”
মোজাদ্দেদ আলফেসানী (রহঃ) : “তোমার পীরই তোমার প্রথম মাবুদ।”
বায়েজীদ বোস্তামী (রহঃ) : “আমি প্রভুতে পরিনিত হয়েছি তোমরা আমার উপসানা করো।”
খাজা মইনুদ্দিন চিসতী (আঃ) : “যদি আল্লাহকে দেখতে চাও আমার চেহারার দিকে তাকাও।” “যখন তুমি সম্পূর্ণ ফানা হয়ে যেতে পারবে তখন ইচ্ছা হয় বলো তুমি আল্লাহ অথবা তিনি আল্লাহ একই কথা।”
জালালউদ্দিন রুমি (আঃ) : “পীর এবং প্রভুকে দুই ভাবিওনা।”
মনসুর হাল্লাজ (আঃ) : “আনা-ল-হক: আমিই সও্বা।”
জালালউদ্দিন রুমি (আঃ) : “পীরের জাত ও আল্লাহর জাত এক জাত, এই দুই নূরকে যে এক রুপে দেখতে না পারবে সে মুরিদ নয়, সে মুরিদ নয়, সে মুরিদ নয়।”
উপসংহার:
হজরত আলী (রাঃ)-এর উক্তি "আমি এমন প্রভুর ইবাদত করিনা যাকে দেখা যায় না" এটি কোনও বাহ্যিক জ্ঞান বা সাধারণ বিশ্বাসের কথা নয়। এটি এক গভীর আধ্যাত্মিক স্তর। যেখানে মানুষ ইবাদতের মাধ্যমে আল্লাহর ‘উপস্থিতি’ অনুভব করে, হৃদয় দিয়ে তাঁকে ‘দেখে’। সুফী মতে, এটিই ইবাদতের সর্বোচ্চ স্তর। যেখানে ইবাদতকারী আর কেবল আমলকারী নয়, বরং প্রেমিক ও আরেফ।
No comments