Header Ads

শামস তাবরিজের সাথে রুমির প্রথম সাক্ষাতের সেই মুহুর্তটি এক ঐশী মিলনের সূচনা

১৩তম শতাব্দীর পারস্যে, আধ্যাত্মিকতার ইতিহাসে এক অনন্য ও রহস্যময় অধ্যায় রচিত হয়েছিল—যখন সুফিবাদের দুই জ্যোতিষ্ক, মাওলানা জালালুদ্দিন রুমি ও শামস উদ-দীন তাবরিজ, প্রথমবারের মতো মুখোমুখি হন। এই সাক্ষাৎ ১২৪৪ খ্রিস্টাব্দে আনাতোলিয়ার কনিয়া শহরে (বর্তমান তুরস্ক) অনুষ্ঠিত হয়। এটি ছিল শুধুমাত্র দুটি মানুষের মিলন নয়, বরং দুটি আত্মার মহাজাগতিক মিলন, যা চিরতরে রুমির জীবন ও রচনাশৈলিকে রূপান্তরিত করে।

সাক্ষাতের প্রেক্ষাপট
জালালুদ্দিন রুমি তখন একজন সম্মানিত ধর্মশিক্ষক, ইসলামী আইনের পণ্ডিত এবং বক্তা হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি আলেম সমাজের একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। অপরদিকে, শামস তাবরিজ ছিলেন এক ভবঘুরে সুফি, যিনি "আল্লাহর একজন প্রেমিক" হয়ে সারা জীবন সত্য ও আধ্যাত্মিকতার খোঁজে ঘুরে বেড়িয়েছেন। তিনি একজন দার্শনিক, কবি এবং বাউলপ্রবণ ধ্যানী সাধক, যিনি বাহ্যিক ধর্মাচারের গণ্ডির বাইরে গিয়ে প্রেম, আলোক ও আত্ম-উপলব্ধির কথা বলতেন।

প্রথম সাক্ষাতের ঘটনা
শামস তাবরিজ রুমির খোঁজে কনিয়ায় আসেন। অনেক ইতিহাসবিদ ও সুফি সূত্র মতে, তিনি প্রার্থনার মাধ্যমে আল্লাহর কাছে এক সঙ্গীর প্রার্থনা করেন, যিনি তাকে বুঝতে পারবেন। স্বপ্নে ইঙ্গিত পান কনিয়ার দিকে যেতে। কনিয়ায় পৌঁছে, শামস রুমির সাথেই প্রথম দেখা করেন—যা অনেকেই বলেন ছিল একটি 'দিব্য' বা ‘ঐশ্বরিকভাবে নির্ধারিত’ মিলন।
বলা হয়, রুমি তখন একদিন ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছিলেন, এমন সময় শামস তাঁর পথ রোধ করেন ও একটি প্রশ্ন করেন, "তুমি কাকে বড় মনে করো — নবী মুহাম্মদ (স.) না বায়েজিদ বুস্তামীকে?"

এই প্রশ্ন শুনে চারপাশে স্তব্ধতা নেমে এলো—শিষ্যরা চমকে উঠল-কেউ রেগে উঠল, কেউ অপমানিত বোধ করলো-কিন্তু রুমি শান্ত ছিলেন! রুমি বিস্ময়ে থমকে যান। তিনি বললেন, “নবী মুহাম্মদ (সাঃ) সকল সৃষ্টির শ্রেষ্ঠ—তাঁর তুলনা কারো সঙ্গে চলে না!

দরবেশ হেসে বললো, “তবে বলো কেন নবী বলেন, ‘আল্লাহ তোমাকে যেমন করে জানার দরকার ছিলো, তেমন করে জানতে পারিনি—আর তাঁর মতো নবী কেন প্রতিদিন সত্তর বার ইস্তেগফার করেন?
আর বায়েজিদ বলেন, ‘আমার সম্মান কতো বেশি? নবী যদি বড় হন, তবে তাঁর কণ্ঠে বিনয় কেন, আর এক দরবেশের কণ্ঠে আত্মমহিমা কেন?

প্রশ্নটা ছিল গভীর আধ্যাত্মিক চিন্তার এক ধাক্কা — সাধারণভাবে এটি বলা অসম্ভব এক প্রশ্ন, কিন্তু শামস এ প্রশ্নের মাধ্যমে রুমির ভিতরের আধ্যাত্মিক আগুনকে জাগিয়ে দেন। রুমি তখনই বুঝতে পারেন, এ ব্যক্তি ভিন্ন, তাঁর ভেতরে আছে এমন এক জ্ঞানের সমুদ্র, যা সাধারণ ধর্মশিক্ষায় পাওয়া যায় না।

সেই মুহূর্তের তাৎপর্য
এই প্রথম সাক্ষাৎ ছিল রুমির আত্মিক রূপান্তরের সূচনা। এরপর তারা একে অপরের সংস্পর্শে গভীর সময় কাটান — দিনের পর দিন, মাসের পর মাস, কখনো কখনো লোকচক্ষুর আড়ালে থেকেও আলোচনা, ধ্যান, আত্মানুসন্ধান আর প্রেমের চর্চা করেন। শামস রুমিকে এক দার্শনিক পণ্ডিত থেকে এক ‘দিব্য প্রেমিক’ কবিতে রূপান্তরিত করেন।

সাক্ষাতের প্রভাব
হঠাৎ করে রুমি মাটিতে লুটিয়ে পড়লেন! বলা হয়— তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন! তবে সেই অচেতনতার মধ্যে তিনি এক নতুন আত্মার আলোয় জেগে উঠেছিলেন। কারণ সেই দরবেশ! যিনি এমন প্রশ্ন করেছিলেন, শামস তাবরিজ তাঁরা একজন আরেকজনকে খুঁজে বেড়াচ্ছিলেন! এই অনুভূতিই পরবর্তীতে রুমির বয়ানে এসেছে কবিতা হয়ে। “তুমি যাকে খুঁজছো-সেও তো তোমাকেই খুঁজছে! আমি তো চিরকাল তোমারই সন্ধানে ছিলাম! আজ যখন তোমাকে পেয়েছি—তখন এর বেশি আর কি'ই বা চাইতে পারি-? 
শামসের প্রভাবেই রুমি রচনা করেন তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলো। বিশেষ করে "দ্বান-ই শামস-ই তাবরিজি" (শামসের দিওয়ান), যেখানে তিনি শামসকে শুধু এক বন্ধু বা গুরুর মতো নয়, বরং আল্লাহর এক নিগূঢ় রূপ, বা প্রেমের চূড়ান্ত প্রকাশ হিসেবে বন্দনা করেন।

উপসংহার
রুমি ও শামসের প্রথম সাক্ষাৎ ছিল ইতিহাসে এক মহৎ আধ্যাত্মিক যুগলবন্দীর শুরু। এই মিলন বিশ্ব সাহিত্যে সৃষ্টি করেছে এমন এক প্রেম ও জ্ঞানের ধারা, যা যুগ যুগ ধরে পাঠক, সাধক ও প্রেমিক হৃদয়কে আলোড়িত করে চলেছে। শামস ছিলেন রুমির দীপশিখা, আর রুমি তাঁর আলোকিত পঙক্তিমালা।


No comments

Powered by Blogger.