১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস।
১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস।
ঐতিহাসিক বদর দিবসের ভাবনাঃ আল্লাহর অনুগ্রহ এবং রাসুল ﷺ -এঁর ইলমে গায়েবের বহিঃপ্রকাশ আজ ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস। ৬২৪ খ্রিস্টাব্দের ১৬ মার্চ, হিজরি দ্বিতীয় বর্ষের ১৭ রমজান ৩১৩ জন সাহাবিকে সঙ্গে নিয়ে মহানবী ﷺমদিনা শরিফের দক্ষিণ-পশ্চিম কোণে ৮০ মাইল দূরে বদর নামক স্থানে কাফেরদের সঙ্গে এক রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হন। ইতিহাসে এ যুদ্ধকে বদর যুদ্ধ বলে অবহিত করা হয়। ঐতিহাসিক এ যুদ্ধের সেনাপতি ছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ ﷺ যুদ্ধে অবতীর্ণ হওয়ার আগে তিনি দোয়া করেন- 'হে আল্লাহ! ক্ষুদ্র এ (মুসলিম) দলটি যদি আজ শেষ হয়ে যায়, তবে কিয়ামত পর্যন্ত তোমার নাম নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না।'
রাসুল ﷺ এর এই দোয়া থেকেই স্পষ্ট হয়, বদর যুদ্ধের প্রেক্ষাপট কী ভয়াবহ ছিল! মহান আল্লাহ দয়া করে সেদিন ফেরেশতাদের মাধ্যমে মুমিনদের সাহায্য করেছিলেন। যদিও এটি ক্ষুদ্র একটি যুদ্ধ ছিল, কিন্তু এর প্রভাবে বিশ্বের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায়। বাতাসের গতি পরিবর্তন হয়ে যায়। যারা একদিন আগেও ইসলামের যাত্রাপথ রোধ করাকে সহজ মনে করেছিল, তারা বুঝতে পেরেছে যে ইসলামের এ অগ্রযাত্রাকে রোধ করা কেবল কঠিনই নয়, অসম্ভবও বটে।
মহানবী ﷺ এর সঙ্গে জনবল ছিল মাত্র ৩১৩ জন। এর মধ্যে ৭০ জন মুহাজির ও বাকিরা আনসার। অন্যদিকে কাফের কুরাইশ বাহিনীর সংখ্যা ছিল এক হাজার। তন্মধ্যে ১০০ জন অশ্বারোহী, ৭০০ জন উষ্ট্রারোহী ও বাকিরা পদব্রজী ছিল। সত্যপথের অনুসারী অল্পসংখ্যক রোজাদার মুসলমান বিশাল অস্ত্রশস্ত্রে সজ্জিত মিথ্যার অনুসারী কাফের মুশরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করায় সত্য-মিথ্যার চিরপার্থক্য সূচিত হয়ে যায়। তাই এ দিবসকে সত্য-মিথ্যার পার্থক্যের দিন বলা হয়।
ইসলামের জিহাদ যে কেবল জয়ের জন্য যুদ্ধ কিংবা রক্ত ও মৃত্যুর বিভীষিকা যে জিহাদের মূল চিত্র ও চেতনা নয়, বদরের প্রান্তরে প্রার্থনার কান্না, যুদ্ধকালে রোজা রেখে ক্ষুধার্ত থাকা আর শান্তি ও সত্য প্রতিষ্ঠার প্রত্যয় ধরে রাখার মধ্য দিয়ে বদর যুদ্ধ তার এক উজ্জ্বল মানবিক রূপ উপহার দিয়েছে। বদর যুদ্ধের প্রত্যক্ষ কারণ হচ্ছে নাখলার খণ্ডযুদ্ধ, কাফেরদের রণপ্রস্তুতি, আবু সুফিয়ানের অপপ্রচার, যুদ্ধ প্রস্তুতির জন্য ওহি লাভ, মক্কাবাসীর ক্ষোভ ইত্যাদি। এসব কারণে আবু জেহেলের নেতৃত্বে এক হাজার সৈন্য নিয়ে মদিনা আক্রমণ। যেসব পরোক্ষ কারণে বদর যুদ্ধের সূচনা হয়েছে তা হচ্ছে, মদিনা শরিফে সাফল্যজনকভাবে ইসলাম সুপ্রতিষ্ঠিত হওয়ায় কুরাইশদের হিংসা, মোনাফিকদের সরদার আবদুল্লাহ বিন উবাইয়ের ও ইহুদিদের ষড়যন্ত্র, কুরাইশদের যুদ্ধের হুমকি, তাদের বাণিজ্য বন্ধ হওয়ার আশঙ্কা, কাফেরদের আক্রান্ত হওয়ার শঙ্কা, ইসলামের ক্রমবর্ধমান শক্তির ধ্বংস সাধন করা এবং নবীজি ﷺকে চিরতরে নিশ্চিহ্ন করার অশুভ বাসনা।
বদর যুদ্ধের সফলতা হচ্ছে, ইসলামের ঐতিহাসিক বিজয়, মুসলমানদের ইমানের পরিপক্বতা অর্জন, আত্মবিশ্বাসের সৃষ্টি, বিশ্ব বিজয়ের সূচনা, সর্বোত্তম ইতিহাস সৃষ্টি, প্রথম সামরিক বিজয়, কুরাইশদের শক্তি খর্ব, ইসলামী রাষ্ট্রের পত্তন, নবযুগের সূচনা, চূড়ান্ত ভাগ্য নির্ধারক যুদ্ধ, রাজনৈতিক ক্ষমতার ভিত্তি স্থাপন, জিহাদের অনুপ্রেরণা, আল্লাহর ওপর প্রগাঢ় আস্থা অর্জন, ইসলাম ও মহানবী ﷺ এর প্রতিষ্ঠা, এবং মুসলমানদের পক্ষে আল্লাহ তাআলার গায়েবি সাহায্যের জ্বলন্ত প্রমাণ। মূলত রমজান নফসের বিরুদ্ধে জিহাদ করার মাস। এ রমজানে সাহাবায়ে কেরাম নফসের বিরুদ্ধে জিহাদ করার পাশাপাশি নফস পূজারি দ্বীনে ইসলামের বিপরীত শক্তির বিরুদ্ধে যেভাবে নিজেদের আত্মনিয়োজিত করেছেন, ইতিহাসে তার দৃষ্টান্ত বিরল। তাই আল্লাহ তাআলা তাদের সর্বাধিক মর্যাদার অধিকারী মুসলমান হিসেবে কবুল করে নিয়েছেন। আমাদের উচিত তাদের অনুসরণ করা।
ইসলামের ইতিহাসে বদর যুদ্ধের গুরুত্ব অপরিসীম। কাফেরদের বিরুদ্ধে এটাই ছিল সর্বপ্রথম সশস্ত্র যুদ্ধ। এ যুদ্ধে হেরে গেলে হয়তো শিশু ইসলাম চিরতরে পৃথিবীর বুক থেকে বিদায় নিতো। তাই তো রাসুল্লুল্লাহ ﷺ আল্লাহ পাকের দরবারে সেজদায় পড়ে কায়মোনাবাক্যে কাঁদতে কাঁদতে ফরিয়াদ করেনঃ
"হে আল্লাহ! আমার এই অল্প সংখ্যক সাহাবী যদি শহীদ হয়ে যায়- তবে তোমার নাম কে নেবে? আমি তোমার নামের উছিলা ধরে সাহায্য প্রার্থনা করছি।"
আল্লাহ পাক পূর্বেই মুসলমানদের বিজয়ের ব্যাপারে রাসুল ﷺ -কে জানিয়ে দিয়েছিলেন, "দুটি দলের মধ্যে একটিতে তোমাদের বিজয় হবে।" (আনফাল - ৭, প্রথম দলটি আবু সুফিয়ানের এবং দ্বিতীয় দলটি আবু জাহেলের। এ যুদ্ধে কুরাইশদের শোচনীয় পরাজয় হয়। আবু জাহেল, উতবা, ওলীদ, শাইবা, উমাইয়াসহ তাদের ৭০ জন নিহত আর ৭০ জন বন্দী হয়। মুসলমানদের পক্ষে ১৪ জন (৬ মুহাজির এবং ৮ আনসার সাহাবা) শহীদ হওয়ার গৌরব অর্জন করেন।
বদর যুদ্ধের তাৎপর্য
----------
এ যুদ্ধের তাৎপর্য অনেক সুদূরপ্রসারী। এ যুদ্ধের মাধ্যমে আল্লাহ পাক মুসলমানদেরকে ফেরেশতাদের মাধ্যমে গায়েবী সাহায্যের অবতারণা করেন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন আল্লাহ পাক তাঁদেরকে নিজ জিম্মায় নিয়ে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেন। এই যুদ্ধে নবীজী ﷺ -এঁর বেশ কিছু মু'জিজা এবং ইলমে গায়েব প্রকাশ পায়। সর্বোপরি শয়তান যে মানুষের প্রকাশ্য শত্রু এবং সেও যে আল্লাহর ভয়ে ভীত আল্লাহ পাক তা প্রমাণ করেছেন এ যুদ্ধের মাধ্যমে। কিন্তু তারপরও সে মানুষের অনিষ্ট করতে পিছ পা হয় না। "আর যখন শয়তান সেসব (কাফির)-দের জন্যে তাদের আমলকে সুশোভিত করে দেখালো এবং সে (তাদেরকে) বললো, ‘আজ মানুষের মধ্যে তোমাদের উপর আধিপত্যশীল (হতে পারে এমন) কেউই নেই। আর নিশ্চয়ই আমি তোমাদের আশ্রয়দানকারী (সাহায্যকারী)।’ অতঃপর যখন উভয় সৈন্যবাহিনী একে অপরকে (মুখোমুখি) দেখল তখন সে উল্টো পায়ে পলায়ন করলো আর বলতে লাগলো, ‘নিশ্চয়ই আমি তোমাদের থেকে বিমুখ। অবশ্যই আমি সেসব (কিছু) দেখছি, যা তোমরা দেখছো না। নিশ্চয়ই আমি আল্লাহ্কে ভয় করছি। আর আল্লাহ্ কঠোর শাস্তি প্রদানকারী।’" (সুরা আনফালঃ ৪৮ - ইরফানুল কুরআন)
আল্লাহর অনুগ্রহ
আল্লাহ পাক পবিত্র কুরআনের বেশ কিছু সুরায় এই যুদ্ধে কাফেরদের পরাজয় এবং মুসলমানদের বিজয়ের আগাম সংবাদ এবং তাঁর অনুগ্রহ বর্ষণের কথা রাসুল ﷺ -কে জানিয়ে দেন। "এ দল তো সত্ত্বরই পরাজিত হবে এবং পৃষ্ঠপ্রদর্শন করবে।" (৫৪:৪৫)।
"(হে সম্মানিত হাবীব! আপনি সে গৌরবোজ্জ্বল দৃশ্যও স্মরণ করুন) যখন আপনার প্রতিপালক ফেরেশতাদের বার্তা পাঠালেন, ‘(রাসূলের সাহাবীদের সাহায্যের জন্যে) আমিও তোমাদের সাথে রয়েছি। সুতরাং তোমরা (সুসংবাদ ও সাহায্যের মাধ্যমে) ঈমানদারদের দৃঢ়পদ রাখো। আমি এখনই কাফিরদের অন্তরে (মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের বাহিনীর) ভয় ও আতঙ্ক ঢেলে দিচ্ছি। সুতরাং তোমরা (কাফিরদের) ঘাড়ে আঘাত করো এবং তাদের সমস্ত হাড়-গোড় ভেঙ্গে চূরমার করে দাও।’" (৮:১১-১২)।
মহানবী ﷺ -এর ইলমে গায়েবের প্রকাশ
"আনাস (রাঃ) থেকে বর্নিত। … সাহাবীগণের সামনে কুরাইশের সাকীগণও উপনীত হল। তাদের মধ্যে বনী হাজ্জাজের একজন কৃষ্ণকায় দাস ছিল। সাহাবীগণ তাকে পাকড়াও করলেন। তারপর তাকে আবূ সুফিয়ান এবং তার সাথীদের সম্পর্কে তাঁরা জিজ্ঞাসাবাদ করলেনঃ তখন সে বলতে লাগলো, আবূ সুফিয়ান সম্পর্কে আমার কোন কিছু জানা নেই। তবে আবূ জাহল, উতবা, শায়বা এবং উমাইয়া ইবনু খালফ - (তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে) তাদের সম্বন্ধে বলতে পারি। যখন সে এরুপ বললো তখন তাঁরা তাকে প্রহার করতে লাগলেন। এমতাবস্হায় সে বলল, হ্যা, আমি আবূ সুফিয়ান সম্পর্কে খবর দিচ্ছি। তখন তাঁরা তাকে ছেড়ে দিলেন। এরপর যখন তারা পূনরায় আবূ সুফিয়ান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন, তখন সে বলল, আবূ সুফিয়ান সম্পর্কে আমার কোন কিছু জানা নেই। তবে আবূ জাহল, উতবা, শায়বা এবং উমাইয়া ইবনু খালফ সম্বন্ধে বলতে পারি। যখন সে পূনরায় এ একই কথা বলল, তখন তাঁরা আবার তাকে প্রহার করতে লাগলেন। সে সময় রাসুলুল্লাহ ﷺ নামাজে দন্ডায়মান ছিলেন। অতএব, যখন তিনি এ অবস্হা দেখলেন, তখন সালাত সমাপ্ত করার পর বললেনঃ, সে আল্লাহর শপথ! যার হাতে আমার জান, যখন সে তোমাদের কাছে সত্য কথা বলে তখন তোমরা তাকে মারতে থাক আর যখন সে মিথ্যা বলে তখন তোমরা তাকে ছেড়ে দাও।" [মুসলিম ৪৪৭০]
হাদিসের ব্যাখ্যাকারগণ বলেন, এ বালক সত্য কথাই বলছিল। কিন্তু সাহাবাদের ধারণা ছিল না যে আবু জাহেল এক বিশাল বাহিনী নিয়ে তাঁদের আক্রমণ করতে আসছে। ফলে সে বালকের কথা তাঁরা বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু নবী ﷺ ঠিকই জানতে পারলেন যে ওই বালকের কথাই সত্যি, কেননা ইতোমধ্যেই আবু জাহেল মুসলমানদের আক্রমণ করার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছে।
হযরত আনাস ইবনে মালেক রাঃ থেকে বর্ণিত। "তিনি বলেন, আমরা হযরত ওমর ফারুক রাঃ এর সাথে ছিলাম মক্কা ও মদিনা শরিফের মধ্যখানে। অতঃপর তিনি বদরবাসী সম্পর্কে হাদিস বর্ননা করলেন, তখন তিনি বললেন, রাসুলুল্লাহ ﷺ আমাদেরকে যুদ্ধ শুরু হওয়ার আগেরদিন নিহত কাফিরদের ধ্বংসের স্থান দেখিয়ে দিলেন। তিনি বলেছিলেন, ইনশাআল্লাহ এটি আগামীকাল অমুকের নিহতের স্থান হবে এবং এটি অমুকের নিহতের স্থান হবে। হযরত ওমর রাঃ বলেন, ঐ সত্তার কসম যিনি তাকে সত্য সহকারে পাঠিয়েছেন, যে কাফির সম্পর্কে যে সীমারেখা তিনি নির্দিষ্ট করেছেন তাদের মৃত্যু সে সীমারেখা থেকে তিল পরিমানও আগেপিছে হয়নি।"
[মুসলিমঃ ২৮৭৩ এবং ৪৪৭০]
যুদ্ধবন্দীদের মুক্তিপণের বিনিময়ে মুক্ত করার সিদ্ধান্ত হয়। হযরতের চাচা আব্বাস রাঃ এর ভাগে পড়ে ৮০ উকিয়া যা প্রায় ৮০ হাজার টাকার সমান। এত বেশি অর্থ প্রদানে অক্ষমতা প্রকাশ করলে নবীজি ﷺ বলেন, “আপনি উম্মুল ফজলের নিকট যে অর্থ ও স্বর্ণ রেখে এসেছেন তা থেকে দিন।”
বিম্ময়ের সাথে হযরত আব্বাস বলে উঠলেন, আল্লাহর শপথ, উম্মুল ফজলের নিকট গচ্ছিত অর্থের বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি ঘোষণা দিচ্ছি, “নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল।”
[আল-বেদায়া ওয়ান-নেহায়া, আল্লামা আব্দুল আব্দুল জলীল রহঃ এর "নূরনবী" পৃষ্ঠাঃ ১৫৮]
হযরত আনাস ইবনে মালেক রাঃ থেকে এই হাদিসের শেষাংশে বর্ণিত। অতঃপর কাফেরদের মৃতদেহগুলো ভাজ করে বদরের কূপে নিক্ষেপ করা হয়। তখন রাসূলুল্লাহ ﷺ তাদের নিকটে গেলেন এবং বললেন, হে অমুকের ছেলে অমুক, তুমি ওই অঙ্গিকার পেয়েছ যা আল্লাহ এবং তাঁর রাসুল তোমাদেরকে দিয়েছিলেন? নিশ্চয় আমি ওই অঙ্গিকার সত্য পেয়েছি। যা মহান আল্লাহ আমার সাথে করেছেন। হযরত ওমর রাঃ আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি ওই সব দেহের সাথে কিভাবে কথাবার্তা বলছেন যাদের মধ্যে রুহ নেই? তখন তিনি বললেন, যা আমি বলছি তা তোমরা মৃত কাফিরদের চেয়ে বেশী শ্রবনকারী নও অর্থ্যাত্ তারা মৃত ব্যক্তিরা তোমরা জিবীতদের চেয়ে বেশী শুনতে পায়। কিন্তু তারা উত্তর দিতে পারেনা ।
[মুসলিম, আস সহীহ, জান্নাত পর্ব, জান্নাতে মৃতের স্থান পেশ করা অধ্যায়, ২:৩৮৭, হাদিস: ২৮৭৩, ইসলামিক ফাউন্ডেশন ৬৯৫৮, ইসলামিক সেন্টার ৭০১৬]
যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ হবে তা এই যুদ্ধের মাধ্যমে বিশ্ববাসী প্রত্যক্ষ্য করল। যারা যুদ্ধপণ দিতে অক্ষম তাদেরকে মুসলমানদের গৃহশিক্ষক হিসেবে নিয়োগ করা হল। পরবর্তীতে এদের সবাই ইসলাম গ্রহণ করেছিলেন। একমাত্র ইসলামের পক্ষেই যুদ্ধবন্দীদের সাথে এমন আচরণ সম্ভব। অথচ বিশ্ব দেখেছে কীভাবে সালাফী নামধারী জংগী গোষ্ঠী বিজিত অঞ্চলের মানুষকে জবাই করেছে। রোজা না রাখার অপরাধে ফাঁসি দিয়েছে আইএস যা সবাই দেখেছেন। এরাই প্রকৃতপক্ষে ইসলামের দুষমন। যারা ইসলামকে কলংকিত করছে। কারণ বিধর্মীরা ইসলাম জানবে কুরআন-হাদিস আর ইসলামের ইতিহাস পড়ে নয়, বরং এরা ইসলাম সম্পর্কে জানবে মুসলমানদের কার্যকলাপ দেখে। ফলে আইএস সহ সকল জংগী গোষ্ঠী ইসলামকে কলঙ্কিত করছে।
আল্লাহ আমাদের সবাইকে বদরের যুদ্ধের তাৎপর্য থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুণ! আমীন!
.jpg)
No comments